১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২

পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকুট উদ্ধার

কোটালীপাড়া থানা  © টিডিসি ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তার মধ্যে শরিফা ইসলাম (২০) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

শরিফা ইসলাম উনিশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে বাড়ির পেছনে শরিফাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফার বোন মাহমুদা খানম বলেন, ‘শরিফা মেধাবী ছাত্রী ছিল। চলতি মাসের ২৮ তারিখ শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষায় তার প্রস্তুতি ভালো না থাকায় সে আত্মহত্যা করতে পারে বলে আমরা ধারণা করছি।’

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে পরীক্ষার প্রস্তুতি শেষ করতে না পারা এবং ফলাফল নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করে মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। শরিফা ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’