১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

নিখোঁজ তানভীর আহাম্মেদ  © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ভালুকা উপজলার খরস্রোতা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছে তানভীর আহাম্মেদ (১৫) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নেওরা নদীতে সে নিখোঁজ হয়।

পরে ডুবরি দলের সাড়ে তিন ঘণ্টার অভিযানেও মেলেনি তার খোঁজ। তানভীর উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। 

ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, তানভীর সকাল সাড়ে ১০টার দিকে তার এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের খরস্রোতা নেওরা নদীতে সাঁতার কাটতে নামে এবং এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালায় এবং ভালুকা ফায়ার সার্ভিসে জানায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ময়মনসিংহ থেকে আসা ডুবুরিদল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটায় উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীর প্রায় দেড় কিলোমিটার জুড়ে ডুবুরিদের অভিযানেও মেলেনি তানভীরের খোঁজ। স্থানীয়রা শনিবার সকাল নদীর আশপাশ খোঁজাখুঁজি করে তানভীরের সন্ধান না পেলে ডুবুরিরা আবারও অভিযান শুরু করবেন বলে জানা গেছে।

ভালুকা ফায়ার সাভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, খরস্রোতা নদীতে একটানা দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়েও তারা নিখোঁজ তানভীরের সন্ধান করতে পারেননি। পরে সন্ধ্যা নেমে আসায় তারা ৬টার দিকে অভিযান স্থগিত করেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৬টা পর্যন্ত নদীর আশপাশে খোঁজ নেওয়ার জন্য নিখোঁজের পরিবার ও প্রতিবেশীদের বলে আসা হয়েছে। এসময়ের মাঝে নিখোঁজ তানভীরের সন্ধান না পাওয়া গেলে তাদের ডুবুরিদল শনিবার আবারও দ্বিতীয় দফায় অভিযানে নামবে।’