১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭

জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ্তার

ইয়াছিনুল হক কামরুল ওরফে ইয়াছিন।  © টিডিসি ছবি

প্রায় ৬ মাস কারাগারে ছিলেন হবিগঞ্জের লাখাইয়ে ইয়াছিনুল হক কামরুল ওরফে ইয়াছিন (২৫) নামে এক যুবক। জেল থেকেই বেরিয়ে ওই দিনই করেন বিয়ে। বিয়ের মাত্র ২ সপ্তাহ পরেই ফের গ্রেফতার হন তিনি। পুলিশ জানিয়েছে, তাকে চুরি ও মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, সর্বশেষ ইয়াছিনকে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বামৈ পশ্চিম গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ফুরুক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ইয়াছিনের বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলায় এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি একটি মামলায় প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। গত ২ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। ওই দিনই তার বিয়ে হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ বলেন, ইয়াছিনের বিরুদ্ধে থাকা নন-জিআর প্রসিকিউশনের একটি মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।