পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ জরিমানা করে।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজমহল হোটেলের মালিককে ৪ লাখ টাকা, নুরজাহান হোটেলকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক। তিনি প্রতিষ্ঠানগুলোর মালিকদের অর্থদণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্টরা।
বিশুদ্ধ খাদ্য আদালত সূত্র জানায়, তিনটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোতে পচা ও বাসি খাবার বিক্রিরও প্রমাণ পাওয়া গেছে।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে নুরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজমহল হোটেলের বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলের নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, ‘আমরা যৌথভাবে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি। পচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে ৩টি প্রতিষ্ঠান মালিককে ১০ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’