১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকত  © টিডিসি ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, সীমান্ত গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যেতে থাকেন।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম বলেন, ‘সন্ধ্যার দিকে সীমান্তসহ তিনজন পর্যটক সমুদ্রের পানিতে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাঁরা ডুবে যেতে থাকলে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।’

তিনি আরও বলেন, ‘সীমান্তকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি সমুদ্রের পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।’