কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫, হাসপাতালে ভর্তি ১০৯
কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জনের কার্যালয়ের ১৭ সেপ্টেম্বরের ডেঙ্গু-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি আছেন।
আরও পড়ুন: শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, ৬৪ বছর পরও সেই প্রশ্ন
অন্যান্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, করিমগঞ্জে ৫, কুলিয়ারচরে ৩, তাড়াইলে ৪, পাকুন্দিয়ায় ১, নিকলীতে ২, কটিয়াদীতে ৪ এবং হোসেনপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ ছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।