নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী ব্যাপারী বাড়িরে মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে সুমন চৌমুনহী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা দেন। যাত্রা পথে তিনি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী- মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।’