‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেওয়ার’ ঘোষণা সংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এসব পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে পোস্টারে নিজের নাম ব্যবহারের ঘটনাকে জামায়াতের ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন যুবদল নেতা মো. খোকন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
দেয়ালে সাঁটানো পোস্টারে লেখা হয়েছে, ‘আসন্ন ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেবো। বেকারদের জন্য গাঁজা তাহার, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে।’
পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ‘পাঁচ দিন আগে আমার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে চড় মারে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্তুতি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’
তিনি আরও বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি। যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘এ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ পেলে সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’