১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রেনু মিয়া ফের গ্রেপ্তার।  © সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রেনু মিয়াকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার মাধবদী এলাকা থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে লোকজনের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ওই মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।