১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা  © সংগৃহীত

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহরে করে সার্কিট হাউসে পৌঁছালে পথে পথে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

এর আগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির গাড়ির বহর সার্কিট হাউসে পৌঁছায়।

সার্কিট হাউসে পৌঁছার আগে সিলেটের বিমানবন্দর রোডের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজর, বন্দরবাজার, কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ রাষ্ট্রপতিকে হাতনেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

দুপুরে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। বিকেল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।