১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত   © সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীতে চলন্ত ট্রেনের ছাদে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যায় তারা। আহত শিক্ষার্থীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম হাসানুজ্জামান সাজিদ (২২)। তিনি নাটোরের কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

সাজিদ ও তার খালু শহীদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সাজিদ রোববার জামালপুর থেকে ঢাকার উত্তরায় এসে এক বন্ধুর খালার বাসায় ছিলেন। সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার জন্য কমলাপুর থেকে ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ওঠেন তিনি।

তারা জানান, মহাখালী এলাকায় পৌঁছালে সাত থেকে আটজন তাকে ঘিরে ধরে। একপর্যায়ে দুর্বৃত্তরা সাজিদের দুই হাত, বুক, পিঠ ও বাঁ পায়ে ছুরিকাঘাত করে। পরে তার সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। সাজিদের দাবি, মানিব্যাগে সাড়ে ৮ হাজার টাকা ছিল।

আহত অবস্থায় সাজিদকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় স্থানীয় লোকজন ও বিমানবন্দর ফাঁড়ির রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. রুবেল প্রামাণিক উদ্ধার করেন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।