ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকায় পুকুরঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল। সেগুলো দেখে সন্দেহ হলে পানিতে নেমে তল্লাশি চালান স্থানীয় এক ব্যক্তি। পরে পুকুরে থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো বাটকেখালী এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) ও একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে দুপুর একটার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে যান। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি পানিতে নেমে হাতড়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন তিনি।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে বাটকেখালি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।