উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল এবং দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগ সূত্রে জানা যায়, মাসকারিয়া বিল এলাকায় মিজান, সিরাজুল হক, হোসেন আহম্মদ, আব্দুল কাদের ও দেলোয়ারের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই অভিযানে দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় ফরিদের বাড়ির একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।