১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬

১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড

সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী  © সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে পাঁচ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনারের মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত আসামিকে পাঁচ মাসের কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেন। আদালতের রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলো না। তিনি পলাতক রয়েছেন।