১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২

নিখোঁজ ২ বন্ধু   © সংগৃহীত

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর তীরে ‘গরিবের দুবাই’ নামে পরিচিত চায়না ইপিজেড বালু মাঠে ঘুরতে গিয়ে নদীতে তলিয়ে দুই বন্ধু নিখোঁজ হয়েছেন। নদীর তীর সংরক্ষণের জিওব্যাগের একটি অংশ হঠাৎ ধসে পড়লে পাঁচ বন্ধু পানিতে পড়ে যান। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন—শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রাকিব (২২) এবং ভোলার কালিবাড়ি রোড এলাকার ইনজামুমামুল হক ওরফে আমহাদ (২৮)। আমহাদ বিজিবির সদস্য। তার বাবার নাম মো. ইব্রাহিম ও মায়ের নাম বিবি মরিয়ম। রাকিবের বাবার নাম মো. বাবুল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পাঁচ বন্ধু নদীর তীরে জিওব্যাগের ওপর বসে মোবাইলে গেম খেলছিলেন ও আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ নদীর তীরের একটি অংশ জিওব্যাগসহ ধসে নদীতে পড়ে যায়। এতে পাঁচজনই পানিতে পড়ে যান। পরে ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও আমহাদ পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে ভোলা সদর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড দক্ষিণ জোন ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, রাত বেশি হওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পরবর্তীতে আবারও অভিযান চালানো হবে।

এদিকে দুই বন্ধুর নিখোঁজের খবর পেয়ে তাদের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। রাতেও নদীর তীরে স্বজন ও স্থানীয়দের ভিড় ছিল। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, ঘটনাটি তিনি শুনেছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।