০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮

হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জেলা ও দায়রা জজ আদালত, লক্ষ্মীপুর।   © ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখল চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। 

সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। অন্যরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল ও জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়। 

আদালত সূত্র জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করে। একাধিকবার ভুক্তভোগী দোকানের মালিক হাবিব উল্যাকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় ৮ জুলাই হাবিব বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফয়সালসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। বাদী হাবিব রায়পুরে দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে। পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।