নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো আফিজা (৬) ও মোহাম্মদ শাহিন (৩)। তারা একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাঙ্গু পূর্ব ডলু গ্রামের মাহাবুব মেম্বার বাড়ির মো. বেলালের ছেলে-মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই-বোন বাড়ির কাছাকাছি মধ্য আমিলাইশ এলাকার সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা সাঙ্গু নদীর পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হবে।