ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ শিকারের সময় জেলেদের ট্রলারে (ফিশিং বোট) বজ্রপাতের ঘটনায় দু'জন জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জেলে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাঙ্গাবালীর যুগিহাওলা-সামুদাবাদ গ্রামের শহিদ শিকদারের ছেলে সাকিব হোসেন (২৩) ও একই গ্রামের হাবিব খানের ছেলে মুহাম্মদ ইমন (২৪)। এক বছরের শিশু সন্তানের পিতা ছিলেন সাকিব এবং দুই বছরের শিশু সন্তানের পিতা ছিলেন ইমন। বজ্রপাতের ঘটনায় মাঝি সুমন খাঁ, জেলে নিবির ও নিপু আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত জেলেরা জানান, রোববার সকালে স্থানীয় সুমন খাঁনের মালিকানাধীন একটি ফিশিং বোটে সাকিব, ইমনসহ পাঁচ জেলে ইলিশ শিকারের উদ্দ্যেশ্যে বঙ্গোপসাগরে যায়। বিকেল ৪টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলছিলেন তারা। এ সময় হঠাৎ আচমকা বজ্রপাত হয় ট্রলারে। মুহুর্তেই সবাই আহত হন। কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার বোটের জেলেরা আহতদের উদ্ধার করে তীরবর্তী এলাকায় নিয়ে আসেন। পরে তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে সাকিব ও ইমনকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’