স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও, অতঃপর...
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি বিদ্যালয়ের নির্ধারিত সময়ে ক্লাসে না গিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়ার সময় ১৭ শিক্ষার্থীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান। পরে তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের নিকট হস্তান্তর করেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে উপজেলার একটি ঝাউবাগানে আড্ডা দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
স্থানীয়রা বলছেন, তারা ক্লাসে না গিয়ে ঝাউবাগানে অবস্থান করছিল। তাদের সেখানে আটক করে তাদের জীবনের লক্ষ্য লিখতে বলা হয়। কিন্তু তাদের সকলে সেটা লিখতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের এ ধরনের আড্ডা তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়।
ইউএনও আব্দুর রহমান জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না থেকে ঝাউবাগানে অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের মধ্যে কয়েকজনকে বাংলা ও ইংরেজিতে নিজেদের জীবনের লক্ষ্য সম্পর্কে লিখতে বলা হয়। তাদের মধ্যে কেউ সুন্দরভাবে নিজের জীবনের লক্ষ্য লিখতে সক্ষম হয়েছে আবার কেউ লিখতে পারেনি। এমনকি কয়েকজন শিক্ষার্থীকে দেখে দেখে বইও পড়তে দেওয়া হয়। পরে তাদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে জীবনের লক্ষ্য ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার পর নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের নিকট হস্তান্তর করা হয়।