শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে ধারালো খুর বা ছুরি দিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা চালায় আরাফাত। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে ঘটনার তদন্তে অভিযান চালিয়ে শনিবার রাতে পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, আরাফাত দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। এর আগে হাসপাতালের এক নার্সকে উত্ত্যক্ত করার অভিযোগেও সে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল বলে জানা গেছে। সম্প্রতি নেশাগ্রস্ত অবস্থায় নিজের মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে আরাফাত। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে হাসপাতাল এলাকায় চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।