০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩

একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়  © সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় তিন বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা মনিরা খাতুন (২৫)। এ সময় তার ছেলে ইভান গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মনিরা খাতুন মাছপাড়া এলাকার আজম প্রামাণিকের স্ত্রী। ইভান তাঁদের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের বাড়ি রেললাইনের পাশেই, প্রায় ২০ গজ দূরে। দুপুরে শিশু ইভান বাড়ি থেকে বের হয়ে হাতে একটি ছোট ছাতা নিয়ে রেললাইনের ওপর বসে ছিল। এমন সময় ট্রেন আসার শব্দ শুনে মনিরা খাতুন সন্তানকে বাঁচাতে দ্রুত রেললাইনে ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মনিরা খাতুনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত ইভানকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনায় শিশুটির একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।