প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার আইফোন, ৬ শতাধিক ল্যাপটপ এবং বিভিন্ন যোগাযোগ সরঞ্জামসহ ছয়জন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের হোটেল সি-প্যালেসে এ অভিযান পরিচালনা করা হয়। রামু থানায় দায়ের হওয়া একটি অভিযোগ এবং ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযানটি চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘অভিযানে উদ্ধার হওয়া আইফোন ও ল্যাপটপ ছাড়াও বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের অনুরূপ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এসব আলামত খতিয়ে দেখা হচ্ছে।’
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত কয়েক মাস ধরে শতাধিক চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। সেখান থেকে তারা সংঘবদ্ধভাবে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও দেখুন: পরীক্ষার হলে মা, বাইরে শিশুকে কোলে নিয়ে দায়িত্ব পালনে পুলিশ সদস্য শিল্পী
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ছয়জনের বিরুদ্ধে রামু থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।