০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু  © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মামাত-ফুফাতো দুই ভাই বোনের মর্মান্তিক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালয়ইকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাজারুল ইসলামের মেয়ে সাফা(৩) ও  উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরবরা গ্রামের সৌদি প্রবাসী নূর মোহাম্মদের ছেলে সাইফান (৩) ।

 নিহত শিশু সাফার চাচা শরিফুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে  পুকুর পাড়ে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের  লোকজনের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর  পনে ১ টারদিকে পুকুরে এক শিশুর মরদেহ ভেসে ওঠে। এরপর স্থানীয়রা পুকুরে নেমে অন্য শিশুকেও উদ্ধার করেন। পরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফুল ইসলাম আরও বলেন , নিহত সাইফানের পিতা মাজহারুলের বাড়িতে বেড়াতে আসেন তার বোন সাদিয়া বেগম । দুপুরে সাইফান ও সাফা বাড়ির পাশে পুকুর পড়ে খেলা করছিল। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হক মিথুন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।