বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশে উচ্ছেদ
উচ্চ আদালতের নির্দেশনার প্রায় এক মাস পর কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ইলিশিয়ায় বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক বিশেষ অভিযান চালিয়ে ‘ইলিশিয়া গরুর বাজার’ নামের এই অবৈধ হাটটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
আদালতের আদেশ বাস্তবায়নে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইলিশিয়া এলাকার একটি বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধভাবে দখল করে পশুর হাটটি পরিচালনা করা আসছিল একটি প্রভাবশালী মহল। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছিল। এর প্রেক্ষিতে উচ্চ আদালত মাঠটি দখলমুক্ত করার সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেন। আদালতের সেই নির্দেশনার আলোকেই আজ বিকেলে টাস্কফোর্স এই অভিযান চালায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম জানান, জনস্বার্থে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ বাজার বা স্থাপনা চলতে দেওয়া হবে না। মাঠটি এখন পুরোপুরি দখলমুক্ত এবং ভবিষ্যতে যেন পুনরায় কেউ দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের মাঠটি ফিরে পাওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।