ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
সরকারের কাজকর্মে কোনো ভুলত্রুটি থাকলে তা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সরকার সঠিকভাবে কাজ করছে কি না, কোথায় ভুল হচ্ছে-সাংবাদিকদের তা তুলে ধরতে হবে। ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশ বর্তমানে একটি ‘ডিফারেন্ট সিচুয়েশন’-এর মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে গণমাধ্যমের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। সরকারের কাজ ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, কোথায় সমস্যা রয়েছে-সাংবাদিকদের তা নিয়ে সমালোচনা করা উচিত। তবে সেই সমালোচনা হতে হবে সরকারের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভুলত্রুটি সংশোধনের সুযোগ তৈরি করার জন্য।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কাজগুলো ঠিকমতো করছি কি না, আপনারা লিখবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করতে পারি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে পড়ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ এসব সংবাদকে ‘ফেক নিউজ’ মনে করে। এর অন্যতম কারণ হিসেবে মানুষের কাছে সংবাদের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে এমনভাবে সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে কারও অযাচিত সম্মানহানি ঘটে। কাউকে অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই মানুষকে ভালো করা সম্ভব নয়। এর জন্য প্রত্যেকের মধ্যে নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। সাংবাদিকদের সত্য সংবাদ তুলে ধরে তাঁদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
নিজের রাজনৈতিক জীবন ও দলের আদর্শ সম্পর্কে সাংবাদিকেরা অবগত উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, তিনি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করেন না। সাংবাদিকতা পেশায় মতের ভিন্নতা থাকতে পারে, তবে সেটিকে রাজনৈতিক বিভাজনে রূপ দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এখন প্রয়োজন গুণগত উন্নয়ন। শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনমান, মূল্যবোধ ও সামাজিক পরিবেশের উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নূরন্নবী, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরাও সভায় অংশ নেন। অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন।
সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে চ্যানেল আইয়ের ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বাণীর সম্পাদক মো. হারুন অর রশীদসহ স্থানীয় সাংবাদিকেরা তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।