জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
জামালপুরে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ ও রুট পারমিট বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তি ও যুবশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার রয়েছেন। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংগঠনটির নেতারা দাবি করেছেন, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রাজীব পরিবহনের একটি বাস দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং পরিবহনটির রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচি চলাকালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনের আয়োজকদের অভিযোগ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছেন।
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিই।’
তবে হামলার অভিযোগের বিষয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস উল্টে একটি ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হন। ওই ঘটনার পর থেকেই রাজীব পরিবহনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর ধারাবাহিকতায় রুট পারমিট বাতিল ও পরিবহনটির চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।