০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭

পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

সড়ক দুর্ঘটনায় নিহত দেবরাজ বণিক  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবাও আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবরাজ বণিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের আশিশ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, দেবরাজ বাবাকে নিয়ে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চৌধুরীহাট এলাকায় এলে দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দেবরাজ ও তার বাবা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত তার বাবা আশিক বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দিতি আশঙ্ককামুক্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনায় শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিক নামের একজনকে মৃত ঘোষণা করি এবং তার বাবাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘ঘটনার পরপর আমাদের টিম হাসপাতালে গিয়েছে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’