হাঁস-মুরগি খেতে গিয়ে ধরা পড়ল অজগর, সুন্দরবনে অবমুক্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এক কৃষকের হাঁস-মুরগির কোটায় (খোপ) ঢুকে পড়া ৮ থেকে ১০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা। স্থানীয়দের ধারণা, সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসে অজগরটি ওই কোটায় ঢুকে পড়ে। এরই মধ্যে সেটি ছয়টি হাঁস-মুরগি গিলে ফেলে। পরে অজগরটিকে সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বসতবাড়ির হাঁস-মুরগির কোটায় অজগরটির উপস্থিতি টের পান পরিবারের সদস্যরা।
মুক্তার গাজী জানান, প্রতিদিনের মতো সকালে তার স্ত্রী খোয়াড়ের দরজা খুলে হাঁস-মুরগি বের করতে যান। এ সময় প্রথমে কোটার ভেতরে একটি মৃত মুরগি পড়ে থাকতে দেখেন তিনি। পরে ভেতরে তাকিয়ে বিশাল আকৃতির অজগরটিকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করেন। অজগরটি দেখতে পেয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় সিপিজি সদস্যদের খবর দেওয়া হলে তারা বিষয়টি বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে জানান। খবর পেয়ে ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফরেস্ট স্টেশনে নিয়ে যান।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন ২৫ থেকে ৩০ কেজি। নিরাপদে হেফাজতে নেওয়ার পর বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।