০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০১

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬

সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস ও মহাসড়কে উল্টে যাওয়া ট্রাক  © টিডিসি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। অপর দিকে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।

আরও পড়ুন: তদবিরের জোরে জাতীয়করণের তালিকায় ‘যেনতেন’ প্রতিষ্ঠান, বঞ্চিত যোগ্যরা

এ ঘটনায় বাস ও ট্রাকের অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।