অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত মেয়ে, পুলিশ বললেন— ‘নিজের সন্তানকেই নিরাপত্তা দিতে পারিনি, অন্যকে কীভাবে দেব’
চট্টগ্রাম নগরের খুলশিতে নিজের বাসার গেটের সামনেই বেপরোয়া ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাওয়াল আনসারী। গতকাল সোমবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত নাওয়াল চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত পরিদর্শক আনসারুল করিমের মেয়ে।
দুর্ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আনসারুল করিম। তিনি লেখেন, ‘সকাল আটটায় আমি নিজেই আমার আদরের মেয়েটিকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম। ক্লাস শেষ করে ঠিক বাসার মেইন গেটের সামনে আসার পর দ্রুতগতির একটি অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা অবুঝ মেয়েটাকে সজোরে ধাক্কা দেয়।’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘সরকারি চাকরি করে নিজের অবুঝ সন্তানের নিরাপত্তা যেখানে নিশ্চিত করতে পারি না, সেখানে কীভাবে অন্যের নিরাপত্তা নিশ্চিত করব?’
পরিবার সূত্রে জানা গেছে, নাওয়াল দুই হাত, মাথা, ঠোঁট, পুরো মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাত পেয়েছে। প্রথমে তাকে জিইসি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবায় সকালে আনসারুল করিম অভিযোগ করে বলেন, প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্সহীন অটোরিকশাচালকদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি এসব অবৈধ যানবাহন জব্দ করে স্থায়ীভাবে চলাচলের পথ বন্ধ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচলে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কে এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা এবং মূল সড়কে নিয়মিত অভিযান চালালেও নগরের অলিগলি ও চকবাজার, ডিসি রোডসহ বিভিন্ন স্থানে অবাধে চলছে নিবন্ধনহীন এসব ব্যাটারিচালিত যান।