চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
চাকরির শেষ কর্মদিবসে অবসরজনিত বিদায় সংবর্ধনা পাওয়ার কথা ছিল চাঁদপুরের হাজীগঞ্জের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। কিন্তু সেই আয়োজনের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফলে যে দিন সহকর্মী-শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা, সেদিনই বিদ্যালয়ে পৌঁছায় তার মরদেহ।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।
তপন কুমার সাহার সহকর্মী লিমা আক্তার জানান, সোমবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু ভোররাত তিনটার দিকে খবর আসে, চাঁদপুর শহরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম বলেন, ‘আজই তপন স্যারকে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল। আমিও সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু কে জানত, আজই তিনি সবার কাছ থেকে চিরবিদায় নেবেন।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন জানান, তপন কুমার সাহা ১৯৯০ সালের ২৯ মে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। সোমবারই ছিল তার চাকরি জীবনের শেষ দিন। চাকরির শেষ দিনে তার এমন আকস্মিক মৃত্যুতে শিক্ষা বিভাগের সবাই শোকাহত।