আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ার কারণে সারা দেশের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙা রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে আড়ানী স্টেশনের কাছে রেললাইনে ভাঙন দেখা দিলে নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দ্রুততার সাথে মেরামত শেষে সকাল সাড়ে ৯টার মধ্যে পুরো রুটে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনার ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস আটকা পড়ে। এ ছাড়া বিভিন্ন স্টেশনে সাগরদাঁড়ি, মধুমতী ও বরেন্দ্র এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন থেমে থাকে। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরবর্তী সময়ে আটকে থাকা ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেললাইনের পাত কখন এবং কীভাবে ভেঙে গেল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ হোসেন।