৩১ আগস্ট ২০২৬, ১৪:১৬

মেঘনায় ধরা পড়া পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি

জেলের জালে ধরা পড়ে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের এই ‘রাজা ইলিশ’  © সংগৃহীত

মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের বড় আকারের একটি ইলিশ। ঘাটে আনার পর ‘রাজা ইলিশ’ হিসেবে পরিচিতি পাওয়া মাছটি দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে তজুমদ্দিন চৌমুহনী ঘাটে মাছটি ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি তজুমদ্দিন চৌমুহনী ঘাটে নিয়ে আসা হলে মাছটির ওজন করা হয়। মাছটির ওজন হয় ২ কেজি ৭০০ গ্রাম।

এ সময় বড় আকৃতির ইলিশটি দেখতে ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয় উৎসুক মানুষ। অনেকেই মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় মাছটি নিয়ে ঘাটে শুরু হয় আলোচনা ও দরদাম। শেষ পর্যন্ত তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল ১০ হাজার ৮০০ টাকায় ইলিশটি কিনে নেন।

মাছটি কিনে রাসেল বলেন, মেঘনায় এমন বড় ইলিশ পাওয়া আনন্দের বিষয়। বড় ইলিশের স্বাদ ও ঐতিহ্যের কারণে আগ্রহ নিয়ে তিনি মাছটি কিনেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানের সুফল পাওয়া যাচ্ছে। নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। জেলেরা নিষেধাজ্ঞা মেনে আরও সচেতন হলে ইলিশের উৎপাদন ও আকার—দুটিই বাড়বে।

মৎস্য-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মেঘনা মোহনা দেশের অন্যতম প্রধান ইলিশ আহরণ এলাকা। নদীর পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।