লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
লাখ টাকায় শিশুকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনা সেই বাবা মারুফ মুন্সি ও ভুক্তভোগী শিশুর দত্তক পাওয়া ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ। ১৮ মাস বয়সের ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের পরিচর্যায় রাখা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) রাতে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের অভিযানে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের বাড়ি থেকেই অভিযুক্ত পিতাকে আটক করা হয়। এরপরেই ইমরানকে আটক করা হয়।
পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী শিশুকে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশু বিক্রির একটি চুক্তিপত্রও আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, একচেইঞ্জ অফারে নতুন আইফোন কিনেছেন মারুফ। এজন্য তার পুরোনো আইফোন ও সন্তান বিক্রির লাখ টাকা নগদ পরিশোধ করতে হয়েছে। ভুক্তভোগী শিশুকে তার দাদী লালন পালন করতেন। পারিবারিক কারণে শিশু বাবা মারুফ ঢাকায় থাকেন আর তার স্ত্রী থাকেন তার বাবা বাড়ি সাভারে। চার বছর আগে প্রেমের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। শনিবার বাড়িতে এসে নিজের শিশু সন্তানকে নিয়ে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মারুফ। পরে দত্তক নেওয়া ইমরানের সঙ্গে লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তির মাধ্যমে সন্তানকে হস্তান্তর করেন। এবং টাকা নিয়ে রাজধানীতে গিয়ে নতুন আইফোন কেনেন।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকায় ইমরানের সঙ্গে মারুফ রাজমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করেছেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। এ বিষয়ে মারুফ শিশুর মা ও দাদীকে কিছুই জানায়নি। শিশুকে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।