মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগিবাহী একটি পিকআপ সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত গভীর রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগিবাহী দ্রুতগতির (ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২) পিকআপটি বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। গভীর রাতে পিকআপটি খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের চালকের সহকারী ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।