এক মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে একে একে প্রাণ হারালেন তিন বন্ধু
ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর একে একে তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে নয়ন (২০) ও সিয়াম (২০)। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন পরস্পর বন্ধু ছিলেন। শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। সন্ধ্যার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেল চালক চয়ন মোল্লা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার দুই বন্ধু নয়ন ও সজীব।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নয়ন ও সিয়ামকে রাতেই ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অপর দিকে সিয়াম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম মিয়া বলেন, ‘রাতেই একজনের দাফন সম্পন্ন হয়েছে। পরে আরও দুজন মারা যান। তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। সকাল ১০টায় জানাজা শেষে তাদের দাফন করা হবে।’
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া অজ্ঞাত যানবাহনটি এখনো শনাক্ত করা যায়নি। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।