৩৬ গৃহহীন পরিবার কাছে ‘স্বপ্ন বাড়ি’র চাবি তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি গৃহহীন পরিবারের হাতে ‘স্বপ্ন বাড়ি’র চাবি তুলে দিয়েছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে নির্মিত এসব আধুনিক আধা পাকা ঘরের চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজস্ব উদ্যোগ ও গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় উপজেলার ৩৬টি গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ আধুনিক আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। স্বপ্ন বাড়ি পেয়ে অসহায় গৃহহীন পরিবারগুলোর মধ্যে আনন্দ বিরাজ করছে। চলতি বছরে আরও ৯৮ টি আধুনিক আধা পাকা ঘর নির্মাণ করে দিবেন তিনি। নান্দাইলের অসহায় পরিবারগুলো কুঁড়ে ঘর থেকে তাদের স্বপ্নের ঠিকানা পেয়ে আনন্দে আত্মহারা।
আরও পড়ুন: বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত
স্বপ্ন বাড়ি উদ্ধোধনের সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ্, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।