২৮ আগস্ট ২০২৬, ২২:২৫

নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের মৃত্যু

পাশাপাশি ৫ কবরে দাফন করা হয়েছে শিশুদের  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে নদীতে গোসল করতে নেমে মারা যাওয়া ৫ শিশুকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জানাযার নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাদের দাফন করা হয়। স্থানীয়দের ধারণা, একে অপরকে বাঁচাতে গিয়ে এই ৫ বোনের মৃত্যু হয়েছে।

এদিন দুপুরে জুমার নামাজের সময় সবার অগোচরে পদ্মার শাখা ‘মরা’ নদীতে গোসল করতে নামে শিশুরা। এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত ৫ শিশু একই বৃহত্তর পরিবারের সন্তান। তারা হলো—চর চাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তার ছোট বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) এবং তার ছোট বোন সুরাইয়া (৯)। তারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

স্থানীয় কবির হোসেন বলেন, আমাদের ধারণা এক শিশু প্রথমে গভীর পানিতে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরেকজন ডুবে যায়। এভাবেই পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যেখানে তারা ডুবে যায়, সেখানে বেশ গভীর পানি ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত করতে চাননি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমি প্রতিটি বাড়িতেই গিয়েছি। এটি একটি মর্মান্তিক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে আর্থিক সহয়তা দেয়া হবে। পাশাপাশি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে।