শেরপুরে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি নামক জায়গা থেকে এসব মাংস জব্দ করা হয়।
জানা যায়, ফুলহারিতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছে। স্থানীয় সচেতন নাগরিকরা এমন তথ্যের নিয়মিত খোঁজখবর রাখতেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি ঘোড়া বেঁধে রাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। তবে স্থানীয়দের অবস্থান টের পেয়ে কারবারিরা সটকে পড়ে। এ তথ্য থানা জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছে।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।