২৮ আগস্ট ২০২৬, ১১:২২

ঝালকাঠিতে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ যুবক আটক

আটক বাদশা গাজী (ইনসেটে জব্দ করা মাদক সেবনের সরঞ্জাম)  © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুটি ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ বাদশা গাজী (২৩) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার নাপিতের হাটের পশ্চিম পাশে মতি হোসেন গাজীর বসতঘরে অভিযান চালিয়ে বাদশা গাজীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মতি হোসেন গাজীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাদশা গাজীর কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদশা গাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।