গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর কালুখালীতে গৃহবধূ মিম আক্তারকে যৌতুকের কারণে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয় ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গত ১৭ আগস্ট যৌতুকের দাবি পূরণ না করায় ও আসামি পন্নু কাজীর পরকীয়ার বিষয় জেনে ফেলায় মিম আক্তারকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়।
আরও পড়ুন: ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্তিতে ডিসিইউ শিক্ষার্থীরা
পরবর্তী সময়ে পুলিশে ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ইউডি মামলা হলেও ন্যায়বিচারের আশায় নিহত মিমের বাবা মো. আলামিন মণ্ডল বিজ্ঞ কালুখালী আমলি আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা (সিআর মামলা) দায়ের করেন। মামলায় স্বামী মো. পন্নু কাজী (২৫), শ্বশুর মো. আলম কাজীসহ (৫০) মোট ৮ জনকে আসামি করা হয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসী।