দিনাজপুরে শ্রমিকনেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১০
দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় থানার প্রধান গেটের সামনে সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাসা থেকে শেখ বাদশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। এর পরপরই শ্রমিকরা সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করেন। এতে দিনাজপুরের সঙ্গে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিকরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাদের অভিযোগ, জনপ্রিয় নেতা শেখ বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতোয়ালি থানার গেটের সামনে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। শ্রমিকরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, দিনাজপুরের দশমাইল, রানীরবন্দর, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল ও সাধনার মোড়সহ বিভিন্ন স্থানে বাস-ট্রাক রেখে বিক্ষোভ করা হচ্ছে। ফলে জেলার বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো কোনো সমাধান হয়নি।
দিনাজপুর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শেখ বাদশার মুক্তি দাবি করে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এদিকে শেখ বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাকে একটি রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। বর্তমানে কোতোয়ালি থানার গেটে বাস-ট্রাক দিয়ে ব্যারিকেড থাকায় পুলিশ সদস্যদের থানায় প্রবেশ ও বের হতে সমস্যার সৃষ্টি হয়েছে।