নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড
নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্য গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫ জনকে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছে। বুধবার (২৬ আগস্ট) বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত মকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭) একই গ্রামের মো. নাসিরের ছেলে মো. ফরিদ (৫০), খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২), বেওলা গ্রামের আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) একই গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)।
জানা যায়, এলাকাভিত্তিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করেন। এরমধ্যে মো. মাসুম আকন্দকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, শ্রী উজ্জ্বল কুমারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. ফরিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. রুবেল সরদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. সাইফুল মোল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও সমাজব্যবস্থাকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।