২৬ আগস্ট ২০২৬, ১৬:৪১

২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন জুলাই জাদুঘর বন্ধ

জুলাই জাদুঘর বন্ধ ও ইনসেটে জাদুঘর বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করা দর্শনার্থীরা  © ভিডিও থেকে নেওয়া

অগ্রিম ২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে জুলাই জাদুঘর বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগর (সাবেক গণভবন, কলেজ গেট) এলাকায় অবস্থিত জুলাই যাদুঘরে যশোর, নোয়াখালীর কোম্পানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে আসা দর্শনার্থীরা এ ক্ষোভ প্রকাশ করেন তারা। 

দর্শনার্থীরা জানান, আজকের (২৬ আগস্ট) জন্য আগেই অনলাইনে টিকিট কেটেছিলেন তারা। সেই অনুযায়ী কেউ কেউ একদিন আগেই ঢাকায় এসে হোটেলে অবস্থান করেন। তবে আজ জাদুঘরে এসে তারা বন্ধের নোটিশ দেখতে পান তারা। এতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আর্থিক ক্ষতির কথা জানান তারা। 

যশোর থেকে আসা এক দর্শনার্থী গণমাধ্যমকে বলেন, ‘বাচ্চাদের নিয়ে জাদুঘর দেখতে একদিন আগেই ঢাকায় আসি। হোটেলে রাত কাটিয়ে আজ সকালে জাদুঘরে এসে বন্ধ দেখতে পাই। আজ জাদুঘর বন্ধ থাকবে এ বিষয়টি আমাদের টিকেট কাটার সুযোগ কেন দিল বা আমাদের কেন জানাল। তাহলে আর কষ্ট করে ঢাকায় আসতাম না। সংশ্লিষ্টদের অব্যবস্থাপনার কারণেই এমনটা হয়েছে।’

আরেক দর্শনার্থী বলেন, ‘আমরা দুই পরিবার মিলে শিশুদের নিয়ে জাদুঘর দেখতে এসেছি। ঈদে মিলাদুন্নবীর ছুটিসহ শুক্র ও শনিবার থাকায় সন্তানদের নিয়ে ঘুরারপরিকল্পনা করেছিলাম। টিকিট কেটে এত দূর থেকে এসে জাদুঘরটা বন্ধ পেলাম। সরকার বন্ধ রাখতেই পারে, তবে বিষয়টি জনসাধারণকে অবগত করার দরকার ছিল।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আসা এক দর্শনার্থী বলেন, ‘জুলাই জাদুঘর দেখার জন্য এসেছি। সরকারি ছুটির দিনে জাদুঘর খোলা থাকবে— এমন ধারণা থেকেই টিকিট কেটেছিলিাম। কিন্তু আজ বন্ধ পেয়েছি।’

দর্শনার্থীদের অভিযোগ, যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তারা জুলাই স্পিরিটকে নষ্ট করতেই এমন ষড়যন্ত্র করছেন। ২৬ আগস্টের তারিখ উল্লেখ করে টিকিট বিক্রি করা হলেও পরে তাদের জানানো হচ্ছে, ওই টিকিট অন্যদিন ব্যবহার করা যাবে। তবে তাদের প্রশ্ন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শিশুদের নিয়ে এত দূর এসে শুধু টিকিটের টাকা ফেরত বা অন্যদিন প্রবেশের সুযোগ পেলেই ভোগান্তির সমাধান হবে কি না?

এ ছাড়াও জুলাই জাদুঘরের টিকেট কাটতে না পারার বিষয়ে কয়েকজন ভুক্তভোগী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই জাদুঘরের টিকেট কাটার জন্য গত দুদিন ধরে অনালাইনে টিকেট কাটার চেষ্টা করেছি, কিন্তু কাটা যাচ্ছে না। ভ্যারিফিকেশনের ওটিপি আসে না। আমরা তিনজন মিলে ৪/৫টি নম্বর থেকে টিকেট কাটার জন্য চেষ্টা করেছি, তাও কাটতে পারিনি।’

এ বিষয়ে জানতে জুলাই জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারও বক্তব্য পাওয়া যায়নি।