২৬ আগস্ট ২০২৬, ১৪:৫০

মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগার।   © ফাইল ছবি

সাজা শেষ হওয়ার একদিন আগে দিনাজপুর জেলা কারাগারে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত নাদিম বুধবার (২৬ আগস্ট) সকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজা হওয়ায় গত ১৭ আগস্ট নাদিমকে দিনাজপুর জেলা কারাগারে নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার সাজা শেষ হওয়ার কথা ছিল।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নাদিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।