২৬ আগস্ট ২০২৬, ১৪:৩২

ওমানের আকাশসীমার মৃত সেই নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ্যমে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানে নারী যাত্রীর মৃত্যু হয়।  © টিডিসি ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা-চট্টগ্রাম রুটের ফ্লাইটে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) আকাশপথে শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটি জরুরি অবতরণ করা করে মাস্কাট বিমানবন্দরে।

পরে ওই যাত্রীকে মাস্কাটের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রাম জেলায়। মৃত যাত্রীর লাশ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এই ঘটনায় সিডিউল বিপর্যয়ে পড়া ফ্লাইটটি মাস্কাট বিমানবন্দর থেকে প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বোয়িং বিজি-১৩৬ ফ্লাইটটি আজ বুধবার আনুমানিক অপরাহ্ন ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজি-১৩৬ নম্বরের বিমানটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝআকাশে ওই নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটি ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।