২৬ আগস্ট ২০২৬, ১৩:৩০

মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ

গোবরা মাদ্রাসা  © টিডিসি ফটো

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো সদর উপজেলার মাটলা গ্রামের নূর মো. সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজের সময় তারা পাঞ্জাবি ও পায়জামা পরা ছিল।

গোবরা মাদ্রাসার শিক্ষা সচিব মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ইমাম ও তামিম কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে তারা আর ফিরে না আসায় বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করে জানান, দুই শিক্ষার্থী কেউই বাড়িতে ফেরেনি। এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইমামের সহপাঠী মো. আবু সালেহ জানান, ইমাম প্রায়ই তাদের বলত, মাদ্রাসায় পড়তে তার ভালো লাগে না এবং সে বাড়িতে গিয়ে কাজ করতে চায়। সোমবার তামিম তাদের কক্ষে আসে। পরে ইমাম ও তামিম শহরে যাওয়ার কথা বলে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়।

আরও দেখুন: চিকিৎসক নিয়োগ দিচ্ছে আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল

নিখোঁজ ইমামের খালাতো ভাই শরীফ রায়হান বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন যে, ইমাম দুপুরের পর মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’