২৫ আগস্ট ২০২৬, ১২:১৩

জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার্থীরা

ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে  © টিডিসি

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের খেলার মাঠের আয়তন সংকুচিত হয়ে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। পাশাপাশি তারকাঁটার বেড়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০১ সালে ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে ১২ শতাংশ জমি এওয়াজ-বদল (জমি বিনিময়) এবং আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করার কথা ছিল। এর বিপরীতে বিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুল আলীর বাড়ির পাশের আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা ছিল।

অভিযোগ রয়েছে, ওই জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে সাবেক বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। ফলে আব্দুল আলী প্রতিশ্রুত জমি না পাওয়ায় তার মালিকানাধীন জমিতে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে নেন বলে অভিযোগ স্থানীয়দের।

এতে বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মাঠে তারকাঁটার বেড়া থাকায় অসাবধানতাবশত শিক্ষার্থীরা আহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিগগিরই একটি মীমাংসা বৈঠক হওয়ার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি দ্রুত তদন্ত করে জমিসংক্রান্ত বিরোধের সমাধান এবং শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রূ মারমা বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’