২৫ আগস্ট ২০২৬, ১০:৩৭

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

উত্তাল সাগরে মাছ ধরার ট্রলার  © টিডিসি ফটো

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জেলে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় এফবি বরকত। সোমবার সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

পরে কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ডুবে যাওয়া এফবি বরকত দেখতে পান। তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে ৮ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা আরও ৫ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

আরও দেখুন: হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি বরকত বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ডুবে যায়। অন্য একটি ট্রলারের জেলেরা ৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়েছে।’

ডুবে যাওয়া এফবি বরকত ট্রলিটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।