২৪ আগস্ট ২০২৬, ১৫:৪৯

ফরিদপুরে মদসহ মাদক কারবারি আটক

মদসহ আটক আবুল হোসেন  © সংগৃহীত

‎ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অভিযানে ২০ লিটার মদসহ আবুল হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকায় সুজন ওরফে সুজ্জাতের বাড়িতে এ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ।

‎আটক আবুল হোসেন (৩৮) বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম পাচ্চু শেখ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুজ্জাতের বাড়িতে মদ কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজ্জাত দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে ওই বাড়িতে থাকা আবুল হোসেনকে আটক করা হয়। এ সময় ১৩ লিটার বাংলা মদ ও ৭ লিটার কেরু মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মদগুলো বোতল ও ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল ২ মাস

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বড় খারদিয়া দক্ষিণপাড়ায় সুজ্জাতের বাড়িতে সুজ্জাত তাঁর সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে জড়িত একজনকে আটক করি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।’